![]()
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন মোটরসাইকেল মালিকরা; নির্ধারিত মাপ ও নিয়ম মেনেই লাগাতে হবে নম্বরপ্লেট।
মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আরও দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মোটরসাইকেলের সামনে নির্ধারিত নিয়মে নম্বরপ্লেট লাগানো যাবে। এর আগে এ কাজের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১৫ নভেম্বর।
বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ নির্দেশনা বাস্তবায়নে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত শর্ত মেনে সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে।
নম্বরপ্লেটের নির্ধারিত মাপ
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের মাপ আলাদা নির্ধারণ করা হয়েছে।
স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে।
উভয় ধরনের নম্বরপ্লেটেই বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
নম্বরপ্লেট তৈরিতে যেসব নিয়ম মানতে হবে
বিআরটিএর নির্দেশনায় বলা হয়েছে, নম্বরপ্লেট অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করতে হবে। প্লেটের পটভূমি হবে সাদা এবং এর ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে।
এ ছাড়া নম্বরপ্লেটে কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভাবর্ধন করা যাবে না। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে।
যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১১২৬।
নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা অনুসরণ করে মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট সংযোজনের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ। নতুন সময়সীমা অনুযায়ী, এ কাজ সম্পন্ন করার শেষ সুযোগ থাকছে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
সূত্র: বিআরটিএর গণবিজ্ঞপ্তি।
