Touch Bangladesh
ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

জলবায়ু ঝুঁকিতে ছয় কোটি শিশু

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ১৪, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

Loading

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের প্রায় ছয় কোটি শিশু। অথচ বৈশ্বিক জলবায়ু তহবিলের মাত্র ২ দশমিক ৪ শতাংশ ব্যয় হয় শিশু-সংবেদনশীল কার্যক্রমে। বাংলাদেশ জলবায়ু অর্থায়ন পেলেও এর সুফল শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না। এ পরিস্থিতিতে জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু তহবিলে শিশুদের জন্য সুনির্দিষ্ট অর্থায়ন ও অর্থপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নীতিনির্ধারক, জলবায়ু অর্থায়নসংশ্লিষ্ট কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

তাঁরা বলেছেন, জলবায়ু অর্থায়নের পরিকল্পনা, বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়নের প্রতিটি পর্যায়ে শিশুদের প্রয়োজন ও সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি পানি, স্বাস্থ্য, আগাম সতর্কবার্তা ও শিক্ষা খাতে কার্যকর কমিউনিটিভিত্তিক উদ্যোগে অর্থায়ন বাড়াতে হবে। এ ক্ষেত্রে সেভ দ্য চিলড্রেনের কমিউনিটি-নেতৃত্বাধীন সফল মডেলগুলো আরও বিস্তৃত করার ওপর জোর দেন তাঁরা।

শনিবার তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনস্থলের বাংলাদেশ প্যাভিলিয়নে ‘জলবায়ু কার্যক্রমের কেন্দ্রে শিশু: শিশুদের জন্য জলবায়ু অর্থায়ন উন্মুক্ত করা’ শীর্ষক এক সেশনে বক্তারা এসব কথা বলেন। সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ আয়োজিত এ সেশনটি কপ-৩১-এর শিশু, যুব, শিক্ষা ও দক্ষতাবিষয়ক থিম্যাটিক দিবসের অংশ ছিল। এতে সঞ্চালনা করেন সংস্থাটির ক্লাইমেট স্মার্ট এডুকেশন সিস্টেমস ইনিশিয়েটিভের (সিএসইএসআই) ব্যবস্থাপক শোহাইল বিন সাইফুল্লাহ।

সেশনে বক্তব্য দেন সংরক্ষিত সংসদ সদস্য মনসুরা আক্তার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জাতিসংঘ উইংয়ের অতিরিক্ত সচিব ও প্রধান এ কে এম সোহেল, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের (বিসিসিটি) ব্যবস্থাপনা পরিচালক রওনকুল ইসলাম, সাউথ সুদান চিলড্রেনস কাউন্সিলের প্রতিনিধি আমোকো, সেভ দ্য চিলড্রেন ইউকের সিনিয়র ক্লাইমেট অ্যাডভাইজার শ্রুতি আগরওয়াল এবং সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া।

সেশনে উপস্থাপিত ইউনিসেফের ২০২৬ সালের শিশুদের জলবায়ু ঝুঁকিবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ৫ কোটি ৯০ লাখ শিশুই অন্তত একটি জলবায়ু ঝুঁকির মুখে রয়েছে। এর মধ্যে প্রায় ৫ কোটি ৩০ লাখ শিশু একই সঙ্গে তিন বা তার বেশি ধরনের ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে বিশ্বব্যাপী প্রধান জলবায়ু তহবিলগুলোর মাত্র ২ দশমিক ৪ শতাংশ অর্থ ব্যয় হয় শিশু-সংবেদনশীল কার্যক্রমে। ২০২৩ সালের একটি বিশ্লেষণ অনুযায়ী, প্রকৃত বরাদ্দের পরিমাণ এর চেয়েও কম হতে পারে।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে শিশুদের সুরক্ষা দিতে শুধু একটি খাতে বিনিয়োগ যথেষ্ট নয়। এ জন্য নিরাপদ বিদ্যালয়, স্বাস্থ্যসেবা, সুপেয় পানি ও কার্যকর আগাম সতর্কবার্তা ব্যবস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কিন্তু বিদ্যমান অর্থায়ন কাঠামোয় শিশুদের এসব প্রয়োজন যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না।

সেশনে শিশুদের জন্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে তিনটি অগ্রাধিকার তুলে ধরা হয়। প্রথমত, জলবায়ু অর্থায়নের পরিকল্পনা, পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরির প্রতিটি পর্যায়ে শিশুদের প্রয়োজন ও স্বার্থকে দৃশ্যমান করতে হবে। দ্বিতীয়ত, পানি, স্বাস্থ্য, আগাম সতর্কবার্তা ও শিক্ষা খাতে পরীক্ষিত কমিউনিটি-নেতৃত্বাধীন উদ্যোগে অর্থায়ন বাড়াতে হবে। তৃতীয়ত, জাতীয় ও বৈশ্বিক জলবায়ু তহবিলে শিক্ষা খাতের জন্য সুনির্দিষ্ট অর্থায়নের সুযোগ তৈরি করতে হবে।

এ সময় সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের চারটি কমিউনিটি-নেতৃত্বাধীন উদ্যোগের উদাহরণ তুলে ধরা হয়। এর মধ্যে সাতক্ষীরা রেজিলিয়েন্ট ওয়াটার সিস্টেমস অন্যতম। ২০২৪ সালের মে মাসে ঘূর্ণিঝড় রেমালের সময় এ উদ্যোগের মাধ্যমে প্রায় ২০ হাজার মানুষের জন্য নিরাপদ পানির সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হয়েছিল।

সেশনে ইআরডির অতিরিক্ত সচিব ও জাতিসংঘ উইংয়ের প্রধান এ কে এম সোহেল বলেন, বাংলাদেশ জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার পাচ্ছে এবং উল্লেখযোগ্য পরিমাণ অর্থও আসছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও জলবায়ু অর্থায়নের সামগ্রিক কাঠামোয় শিশু ও প্রান্তিক জনগোষ্ঠী যথাযথভাবে অন্তর্ভুক্ত হচ্ছে না।

বক্তারা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় শিশুদের শুধু ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করলে চলবে না; বরং অর্থায়ন ও নীতিনির্ধারণের কেন্দ্রেও তাদের প্রয়োজনকে স্থান দিতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু তহবিলে শিশুদের জন্য কার্যকর অর্থায়নব্যবস্থা গড়ে তোলা না গেলে জলবায়ু অভিযোজনের সুফল সবচেয়ে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কাছে পৌঁছানো কঠিন হবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।