![]()
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। হ্রদের পানির চাপ কমাতে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট (জলকপাট) খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্র জানিয়েছে, জলকপাটগুলো খোলার আগে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা রেকর্ড করা হয় ১০৪ দশমিক ০৯ ফুট মিন সি লেভেল (এমএসএল)। উল্লেখ্য, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল এবং ১০৮ ফুট এমএসএল-কে বিপৎসীমা হিসেবে ধরা হয়। হ্রদের পানি ধারণক্ষমতার কাছাকাছি চলে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, বাঁধের ১৬টি গেট ৬ ইঞ্চি করে উঁচুতে খুলে দেওয়া হয়েছে। এর ফলে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।
এর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের জন্য কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল রাখা হয়েছে, যেখান থেকে প্রতি সেকেন্ডে আরও ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। হ্রদের পানির পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পানি নিষ্কাশন প্রক্রিয়া চালু থাকবে বলে জানা গেছে।
