Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, লড়াই মির্জা ফখরুল-অলি আহমদের

প্রতিবেদক
Touch Bangladesh News
আগস্ট ২০, ২০২৬ ৭:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশে সর্বশেষ রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হয়েছিল ১৯৯১ সালে।

এবারের নির্বাচনে মুখোমুখি হচ্ছেন বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। সংসদে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে একাধিক প্রার্থী থাকায় সংবিধানের বিধান অনুযায়ী ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে।

প্রায় তিন যুগ পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হওয়ায় প্রাতিষ্ঠানিক কিছু ঘাটতি থাকলেও একটি সুন্দর ও সুষ্ঠু রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কর্তা এ এম এম নাসির উদ্দিন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোট গ্রহণ ও গণনা শেষে নির্বাচিত নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করা হবে। ভোট গ্রহণ হবে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে। নির্ধারিত সময় শেষে সেখানেই ব্যালট গণনা করে ফল প্রকাশ করা হবে।

এদিকে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য এবারের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। এর মধ্যে সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্য রয়েছেন। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলেও চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা এবং সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাতিল করায় ওই আসনটি শূন্য রয়েছে।

এর আগে গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। পরে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় ৬ আগস্ট নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তপশিল অনুযায়ী, গত ১৩ আগস্ট বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য মনোনীত কর্নেল (অব.) অলি আহমদ মনোনয়নপত্র দাখিল করেন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়।

দুই প্রার্থীই নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করায় আজ তাদের মধ্যে সরাসরি ভোট অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ায় দেশের রাজনৈতিক অঙ্গনে এ নির্বাচনকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।