![]()
কুমিল্লার বুড়িচংয়ে পারিবারিক কলহ ও মাদকসংক্রান্ত বিরোধের জেরে জাকির হোসেন (২৯) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দুপুরে উপজেলার কাকিয়ারচর পশ্চিম পাড়া এলাকায়।
ঘটনার পর নিহত যুবকের মরদেহ গুম করার অপচেষ্টা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। নিহত জাকির ওই এলাকার আইয়ুব আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তাঁর বড় ভাই মো. শাকিল (৩২) সহ সহযোগীরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক নানা বিষয় ও মাদকের লেনদেন নিয়ে জাকিরের সঙ্গে তাঁর বড় ভাই শাকিলের তর্কাতর্কি হয়। এর একপর্যায়ে শাকিল ও তাঁর সঙ্গীরা জাকিরকে বেধড়ক মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। হামলায় গুরুতর আহত হয়ে জাকির ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। তবে তাঁকে হাসপাতালে না নিয়ে বাড়িতেই ফেলে রাখা হয় এবং ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করা হয়।
পরে সন্ধ্যার দিকে বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা ইউপি মোখলেসকে জানান। তাঁর খবরের ভিত্তিতে রাতে দেবপুর পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে জাকিরের নিথর দেহ উদ্ধার করে।
সুরতহাল প্রতিবেদনে পুলিশ জানায়, নিহতের মাথার পেছনে ভোঁতা অস্ত্রের আঘাত, দুই পায়ে ধারালো অস্ত্রের জখম এবং কপালে গভীর কাটা চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত জাকির ও অভিযুক্তরা মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল এবং এর আগেও এ নিয়ে পরিবারে একাধিকবার ঝগড়া-বিবাদ হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুরেজীত বড়ুয়া জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
