![]()
নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে ডার্বি ম্যাচের রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ টিভি। ক্লাবের অফিসিয়াল এই টেলিভিশন চ্যানেলটি ম্যাচের প্রধান রেফারি অর্তিস আরিয়াসের বেশ কিছু সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ এবং ‘প্রতিযোগিতার সঙ্গে প্রতারণা’ বলে আখ্যা দিয়েছে।
ম্যাচ চলাকালীন মাঠের একাধিক সিদ্ধান্ত এবং ভিএআর (VAR)-এর ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে চ্যানেলটি। তাদের দাবি, রেফারির ভুল সিদ্ধান্তের কারণে ম্যাচে রিয়াল মাদ্রিদকে চরম অন্যায়ের শিকার হতে হয়েছে।
রিয়াল মাদ্রিদ টিভির পর্যালোচনায় মূলত দুটি ফাউলের ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করা হয়। ম্যাচের প্রথমভাগে জুড বেলিংহামের ওপর কুতি রোমেরোর একটি ফাউল এবং পরবর্তীতে ফেদেরিকো ভালভের্দের ওপর কাং-ইন লির ফাউলের ঘটনা তুলে ধরে তারা। চ্যানেলটির মতে, দুটি ফাউলই সরাসরি লাল কার্ড পাওয়ার যোগ্য ছিল।
রোমেরোর ফাউলের রিপ্লে সম্প্রচার করার সময় চ্যানেলটির উপস্থাপক মন্তব্য করেন, “কী লজ্জাজনক, কতটা নোংরা ফাউল! অথচ রোমেরোকে শুধু হলুদ কার্ড দেখিয়ে ছেড়ে দেওয়া হলো?”
ভালভের্দের ওপর কাং-ইন লির ফাউলের প্রসঙ্গ টেনে তারা আরও দাবি করে, সঠিক নিয়ম প্রয়োগ করা হলে আতলেতিকো মাদ্রিদের অন্তত দুজন ফুটবলার লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তেন। ফলে প্রতিপক্ষ দলটির নয়জন খেলোয়াড় নিয়ে ম্যাচ শেষ করার কথা ছিল।
তবে ক্ষোভের মাত্রা আরও বাড়ে যখন ভিএআর পর্যালোচনার পর রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হাউসেনকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হয়।
এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে চ্যানেলটি থেকে বলা হয়, “নিয়মকানুন এখন খেয়ালখুশি মতো প্রয়োগ করা হচ্ছে। যে দলের মাঠ থেকে নয়জন খেলোয়াড় নিয়ে খেলার কথা ছিল, তারা রেফারিংয়ের কল্যাণে একজন অতিরিক্ত খেলোয়াড় নিয়ে খেলার সুযোগ পেল। এমন পরিস্থিতিতে প্রতিদ্বন্দ্বিতা করা অসম্ভব।”
স্প্যানিশ রেফারিং ব্যবস্থার কঠোর সমালোচনা করে রিয়াল মাদ্রিদ টিভি অভিযোগ তোলে, নিয়ম প্রয়োগে ধারাবাহিকতার অভাব রয়েছে এবং কিছু ক্ষেত্রে রেফারিরা নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছেন।
ম্যাচ শুরুর আগেই রেফারি হিসেবে অর্তিস আরিয়াসের নিয়োগ নিয়ে আপত্তি তুলেছিল চ্যানেলটি। বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাওয়ের একটি ম্যাচ শেষে এই রেফারির সঙ্গে বার্সেলোনা ফুটবলারদের সৌহার্দ্যপূর্ণ কথোপকথনের উদাহরণ টেনে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে তারা।
এদিকে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রেফারি প্রসঙ্গে প্রশ্ন করা হলে রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো অবশ্য সরাসরি কোনো বিতর্কে জড়াতে চাননি। তিনি বলেন, “ম্যাচের আগে রেফারিদের নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না।” তবে অন্য ম্যাচগুলোর তুলনায় এক সপ্তাহ আগেই ডার্বির রেফারির নাম চূড়ান্ত হওয়ার বিষয়টি তাকে কিছুটা অবাক করেছে বলে স্বীকার করেন এই পর্তুগিজ কোচ।
