![]()
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিরাজুল ইসলাম (৬০) নামে এক সাবেক জনপ্রতিনিধির যুক্তরাষ্ট্র প্রবাসী ভাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কোশাকান্দা গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সিরাজুল ইসলাম উপজেলার কোশাকান্দা গ্রামের বাসিন্দা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলুর রহমানের বড় ভাই। তিনি প্রায় ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে সপরিবারে বসবাস করছিলেন।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান। পরদিন সকালে ঘরের ভেতরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে ঘরের জানালার গ্রিলের সঙ্গে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে তারা স্থানীয় থানা-পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
এই সংবাদটি দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রাথমিক রিপোর্টের তথ্যের ওপর ভিত্তি করে শুধুমাত্র জনস্বার্থ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে। প্রকাশিত খবরের বস্তুনিষ্ঠতা, প্রাথমিক তথ্যের সত্যতা বা যেকোনো আইনি বিবৃতির সম্পূর্ণ দায় মূল সংবাদসূত্রের (দৈনিক যুগান্তর)। এই সংবাদের বিষয়বস্তু বা তথ্যের ভিত্তিতে ‘টচ বাংলাদেশ’ (Touch Bangladesh) কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ আইনি দায়ভার গ্রহণ করবে না।
