![]()
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে শিমুল মোল্যা নামের এক ভ্যানচালকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় ঘরে থাক আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের পাইকমারী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পাইকমারী গ্রামের সিদ্দিক মোল্যার ছেলে শিমুল মোল্যার বাড়িতে বৈদ্যুতিক মিটার থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা প্রাণে বাঁচলেও ঘরের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
আগুন দেখে পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তারা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে নড়াইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে ঘরের মালামালসহ পুরো বসতঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ভ্যানচালক শিমুল মোল্যা বলেন, “ভ্যান চালিয়ে যা আয় করি, তা দিয়েই সংসার চলে। ঘরের সবকিছু পুড়ে গেছে। এখন মা-বাবা, স্ত্রী ও সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে আছি।
নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শওকাত আলী জোয়ার্দ্দার বলেন, ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরের সবকিছু পুড়ে যায়। বৈদ্যুতিক মিটার থেকে শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
