![]()
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য নৌদুর্ঘটনা মোকাবিলায় বিশেষ ডুবুরি দল প্রস্তুত রেখেছে বাংলাদেশ কোস্টগার্ড। একই সঙ্গে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় দেড় হাজার সদস্য মোতায়েন করেছে বাহিনীটি।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ঢাকার মিরপুর কেন্দ্রীয় মন্দিরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।
তিনি বলেন, দুর্গাপূজা চলাকালে নৌদুর্ঘটনা এড়াতে জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সার্বক্ষণিক টহল পরিচালনা করা হচ্ছে। প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে।
জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার আহ্বান জানান মহাপরিচালক। তিনি বলেন, কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কোস্টগার্ডের মহাপরিচালক জানান, বৃহত্তর চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগ এবং ঢাকা অঞ্চলের নদীতীরবর্তী এলাকাগুলোতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে কোস্টগার্ড। দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।
তিনি জানান, কোস্টগার্ডের পূর্ব জোনের আওতায় ৬৩টি, পশ্চিম জোনের আওতায় ১৪৪টি, দক্ষিণ জোনের আওতায় ৩৭১টি এবং ঢাকা জোনের আওতায় ৩৭টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে বাহিনীটি। সব মিলিয়ে ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
এ সময় গুজব ও অপপ্রচার থেকে দূরে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিগুলোর সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপদ ও আনন্দময় দুর্গোৎসবের শুভকামনা জানান কোস্টগার্ডের মহাপরিচালক।
