Touch Bangladesh
ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

লামায় বন্যাদুর্গতদের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা, চিকিৎসা পেলেন ২০০ জন

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ৯, ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

Loading

লামায় বন্যাদুর্গতদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা।

মোবাইল হেলথ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পেলেন দুই শতাধিক মানুষ, স্বাস্থ্য পরীক্ষা ৫০-এর বেশি গর্ভবতী মায়ের।

মোহাম্মদ করিম | মফস্বল সম্পাদক।

বান্দরবানের লামা উপজেলার দুর্গম ও বন্যাদুর্গত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মোবাইল হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে দুই শতাধিক সাধারণ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। পাশাপাশি ৫০ জনের বেশি গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা, মাতৃস্বাস্থ্যবিষয়ক পরামর্শ এবং নারী ও শিশুর মর্যাদা ও সুরক্ষাসামগ্রীসহ বেবি কিট বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) উপজেলার সরই ইউনিয়নের ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।
বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার সংগ্রামে থাকা দুর্গম জনপদের মানুষের জন্য চিকিৎসাসেবা পাওয়া অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের নারী, শিশু ও গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। এমন বাস্তবতায় সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ মোবাইল হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সহযোগিতায় এবং বান্দরবান পার্বত্য জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রিন হিল এ কর্মসূচি বাস্তবায়ন করে।
স্বাস্থ্যসেবা কার্যক্রমে চিকিৎসা প্রদান করেন লামা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (সিএইচএফপি) ডা. বাপ্পি মারমা। তিনি আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনএফপিএর ফিল্ড অফিসার মো. লুৎফুর রহমান খান। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে এ ধরনের বিনামূল্যের মোবাইল হেলথ ক্যাম্পের মাধ্যমে দুর্গম ও বন্যাদুর্গত এলাকার মানুষ সহজেই স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। বিশেষ করে গর্ভবতী মায়েদের মাতৃস্বাস্থ্য নিশ্চিত করা এবং মা ও শিশুর সার্বিক স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এমেথিন মারমা, পরিবার কল্যাণ পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ), এসএমসিএইচএসডি প্রকল্পের প্রোগ্রাম অফিসার, মনিটরিং অ্যান্ড রিপোর্টিং কর্মকর্তা, প্রতিনিধি মো. আবুল হোসেন, গ্রিন হিলের স্বেচ্ছাসেবক এবং পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।
আয়োজকেরা জানান, দুর্গম ও বন্যাদুর্গত এলাকার মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া, গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, মাতৃস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নবজাতক ও শিশুর সুরক্ষা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ দুর্গম জনপদের মানুষের চিকিৎসাসেবার সীমাবদ্ধতা কিছুটা হলেও লাঘব করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বন্যার মতো দুর্যোগ-পরবর্তী সময়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও সম্প্রসারণের দাবি উঠেছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।