![]()
জাতীয়
১৪ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল প্রথম সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তিনি, নগরীজুড়ে ব্যাপক প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক, TouchBangladesh
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল মঙ্গলবার এক দিনের সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে সিলেট নগরীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক সমন্বয় সভা করে নিরাপত্তাসহ সার্বিক বিষয় পর্যালোচনা করা হয়েছে। ইতোমধ্যে সফরের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সিলেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।
মাজার এলাকায় প্রস্তুতি পরিদর্শন
রাষ্ট্রপতির সফর সামনে রেখে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে হযরত শাহপরান (রহ.)-এর মাজার এলাকার প্রস্তুতি ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি মাজার এলাকা ঘুরে দেখেন এবং সিটি করপোরেশনের নেওয়া প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে খোঁজ নেন।
পরিদর্শন শেষে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিলেট একটি পর্যটননগরী। রাষ্ট্রপতি যাতে সিলেটের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং তাঁর সফরকে কেন্দ্র করে প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।” তিনি আরও জানান, মাজার জিয়ারত যেন নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় হয়, সেজন্য সিসিক নিয়মিত উন্নয়নকাজের গতি আরও বাড়িয়েছে।
কঠোর নিরাপত্তা ব্যবস্থা
রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করতে শনিবার (১২ সেপ্টেম্বর) সমন্বয় সভা করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এসএমপির পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাষ্ট্রপতির সফর সফল ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন এসএমপি কমিশনার।
