Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অর্থপাচার মামলা

প্রতিবেদক
Jetkin Tina Raksam
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডারঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ (উইথ ওরফে রাহুল ওরফে দাউদ), তাঁর স্ত্রী শাহেদা পারভিন সামিয়া এবং আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অর্থপাচারের (মানিলন্ডারিং) অভিযোগে নতুন মামলা দায়ের করেছে সিআইডি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আদাবর থানায় সিআইডির আর্থিক অপরাধ ইউনিটের উপপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির আর্থিক অপরাধ বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মোহাম্মদ মনিরুজ্জামান।

সিআইডির তদন্তে ফয়সালের অর্থের উৎস ও স্থাবর-অস্থাবর সম্পদের অনুসন্ধানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সম্ভাব্য অবৈধ বিনিয়োগ ও অর্থপাচারের চাঞ্চল্যকর তথ্য মিলেছে। ইতোমধ্যে সিআইডি ফয়সাল, তাঁর স্ত্রী এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পরিচালিত মোট ৫৩টি ব্যাংক হিসাব জব্দ করেছে।

তদন্ত নথিতে দেখা যায়, ২০২৫ সালের ৪ নভেম্বর ফয়সাল তাঁর স্ত্রীর নামে ৬৫ লাখ টাকার একটি স্থায়ী আমানত (এফডিআর) করেন। বর্তমানে বিদেশে এবং বিশেষ করে দুবাইয়ে তাঁর আর কোনো গোপন সম্পদ রয়েছে কি না, তা আন্তর্জাতিক সংস্থার সহায়তায় খতিয়ে দেখছে সিআইডি।

ফয়সালের আর্থিক প্রতারণার তদন্ত করতে গিয়ে সিআইডি দেখতে পায়, ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর একটি বেসরকারি ব্যাংকের রূপনগর শাখায় একটি নতুন ব্যাংক হিসাব খোলেন ফয়সাল। আইটি, কনসালটেন্সি ও ট্রেনিং সেবার কথা বলে বছরে ১ কোটি ২০ লাখ টাকা লেনদেনের ঘোষণা দেওয়া হলেও পরবর্তী মাত্র দুই মাসের মধ্যে ওই এক হিসাব থেকেই ৩ কোটি ৫২ লাখ টাকার সন্দেহজনক লেনদেন সম্পন্ন হয়।

সিআইডির নথিতে আরও জানা যায়, ফয়সালের মালিকানাধীন ‘অ্যাপল সফট আইটি’ ও ‘পিনাকল সলিউশন ইন্টারন্যাশনাল’-এর যৌথ উদ্যোগ দেখিয়ে তিনটি সরকারি প্রকল্পের ভুয়া ও জাল দরপত্র প্রস্তুত করা হয়। এসব জাল প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৫৭ লাখ ২৫ হাজার টাকাসহ বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে সিআইডি। ঠিকাদারি ব্যবসার আড়ালে প্রতারণা ও বাকিতে পণ্য নিয়ে অর্থ পরিশোধ না করার একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে জাতীয় পর্যায়ে পরিচিত পান শরীফ ওসমান বিন হাদি। ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ছ’দিন পর তাঁর মৃত্যু হয়। হাদি হত্যা মামলায় ফয়সালকে প্রধান আসামি করার পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং বর্তমানে তিনি ভারতে আটক/হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।