Touch Bangladesh
ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

বিচ্ছেদের পর সাবেককে ভুলতে কত দিন লাগে? গবেষণার নতুন তথ্য

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

বিচ্ছেদের পর পুরোনো সম্পর্ক বা সাবেক সঙ্গীকে পুরোপুরি মন থেকে মুছে ফেলতে কত সময় লাগতে পারে? এক মাস, দু’মাস নাকি এক বছর? সম্প্রতি করা এক গবেষণা বলছে, উত্তরটি অনেকের ধারণার চেয়েও দীর্ঘ—দীর্ঘমেয়াদি সম্পর্ক ভেঙে যাওয়ার পর সাবেক সঙ্গীর প্রতি আবেগ পুরোপুরি কাটিয়ে উঠতে গড়ে প্রায় ৮ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।

‘সোশ্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড পার্সোনালিটি সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এই গবেষণাটি পরিচালনা করেন।

গবেষণায় ৩০০ জনেরও বেশি এমন প্রাপ্তবয়স্ক মানুষকে পর্যবেক্ষণ করা হয়, যাদের অন্তত দু’বছরের একটি দীর্ঘমেয়াদি সম্পর্ক কয়েক বছর আগে ভেঙে গেছে। গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের বিচ্ছেদের পর গড়ে পাঁচ বছর পার হয়ে যাওয়ার পরও দেখা গেছে, তাদের একটি বড় অংশের মনে সাবেক সঙ্গীর প্রতি কিছুটা না কিছুটা আবেগীয় টান রয়ে গেছে।

গবেষকদের তথ্যমতে, বিচ্ছেদের পর সাবেক প্রেমিক বা প্রেমিকার প্রতি আবেগ অর্ধেক কমে আসতেই গড়ে প্রায় ৪ দশমিক ১৮ বছর সময় লাগে। আর সেই আবেগ পুরোপুরি কাটিয়ে উঠে মানসিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে সময় লাগে গড়ে প্রায় আট বছর।

তবে এই সময়সীমা সবার ক্ষেত্রে এক নয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে, সম্পর্ক ভাঙার বহু বছর পরও অনেকে সাবেক সঙ্গীর প্রতি এমন আবেগ অনুভব করেন, যা একজন সাধারণ বা অপরিচিত মানুষের প্রতি অনুভূতির চেয়ে অনেক বেশি।

গবেষণায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ পেয়েছে:

  • যোগাযোগ বজায় রাখা: বিচ্ছেদের পর সাবেক সঙ্গীর সঙ্গে যোগাযোগ রাখা হলে বিচ্ছেদের কষ্ট কাটিয়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়া অনেকটাই ধীর হয়ে যায়।

  • নতুন সম্পর্ক: নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়লেই যে পুরোনো স্মৃতি বা আবেগ দ্রুত মুছে যাবে—এমন কোনো নিশ্চয়তা গবেষণাটি থেকে পাওয়া যায়নি।

  • মানসিক অবস্থা: যাদের মধ্যে দুশ্চিন্তা বা উদ্বেগজনিত মানসিক প্রবণতা বেশি, তাদের ক্ষেত্রে সাবেক সঙ্গীকে ভুলতে তুলনামূলকভাবে বেশি সময় লেগেছে।

  • সন্তানের ভূমিকা: যেসব বিচ্ছেদ হওয়া দম্পতির সন্তান রয়েছে, তাদের ক্ষেত্রে শুরুতে মানসিক টান বেশি থাকলেও দীর্ঘমেয়াদে সেই আবেগ কিছুটা দ্রুত কমে আসতে দেখা গেছে।

মনোবিজ্ঞানীদের মতে, দীর্ঘকালের কোনো সম্পর্কের মানসিক প্রভাব হুট করে মুছে ফেলা সম্ভব নয়। একেকটি মানুষের আবেগ ও ব্যক্তিত্বের ভিন্নতার ওপর নির্ভর করে সুস্থ স্বাভাবিক জীবনে পুরোপুরি ফিরে আসার এই সময়সীমা।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।