![]()
চলচ্চিত্র বা সিরিজের অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ফুটেজ ক্লিপ আকারে অনলাইনে ছড়িয়ে পড়া বা ফাঁস হওয়া নিয়ে কথা বলেছেন ভারতীয় অভিনেত্রী রাধিকা মদন। তিনি জানান, এমন ঝুঁকি সত্ত্বেও একজন শিল্পীকে পেশাদারত্ব বজায় রেখে অভিনয় চালিয়ে যেতে হয়।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মের থ্রিলার ও ড্রামাভিত্তিক প্রজেক্ট ‘লাস্ট স্টোরিজ ৩’–এর প্রচারণায় অংশ নিয়ে তিনি এবং সহ-অভিনেতা বিজয় ভার্মা অন্তরঙ্গ দৃশ্য শুটিংয়ের নানাদিক তুলে ধরেন।
সাক্ষাৎকারে রাধিকা মদন বলেন, শুটিংয়ের মুহূর্তে দর্শকের দৃষ্টিভঙ্গি বা কুরুচিপূর্ণ মানসিকতা নিয়ে চিন্তা করতে গেলে অভিনয়ে মনোযোগ বজায় রাখা কঠিন।
“যাদের দৃষ্টিভঙ্গিই খারাপ, তাদের জন্য আমরা কী করতে পারি? তাদের বাড়িতে গিয়ে তো বলা সম্ভব নয় যে এসব করবেন না। সত্যি বলতে, এখানে শিল্পীর কিছু করার থাকে না,” বলেন রাধিকা।
তিনি আরও জানান, এ ধরনের সংবেদনশীল দৃশ্যে কাজ করার আগে ফাঁস হওয়ার ঝুঁকির কথা মাথায় রাখলেও শেষ পর্যন্ত নিজের কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করেন। উল্লেখ্য, ‘লাস্ট স্টোরিজ ৩’–এ অভিনেতা আলি ফজলের সঙ্গে এক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন তিনি।
একই বিষয়ে কথা বলেন অভিনেতা বিজয় ভার্মাও। তিনি ডিজিটাল যুগের বাস্তবতার দিকে ইঙ্গিত করে বলেন, “আমরা জানি, এসব ভিডিওর অংশ কেটে নিয়ে অনলাইনে ছড়িয়ে দেওয়া হতে পারে। এটাই এখনকার বাস্তবতা এবং চাইলেও এই পরিস্থিতি হুট করে বদলানো সম্ভব নয়।”
বিনোদন জগতে অন্তরঙ্গ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার অভিজ্ঞতা নতুন নয়। এর আগে ২০১৬ সালে ‘পার্চড’ চলচ্চিত্রে অভিনেত্রী রাধিকা আপতের একটি অন-স্ক্রিন দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে তিনি জানান, সেই ঘটনাটি তাঁর ব্যক্তিগত নিরাপত্তা এবং মনস্তাত্ত্বিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
আধুনিক সম্পর্কের জটিলতা, আকাঙ্ক্ষা ও অন্তরঙ্গতার গল্প নিয়ে তৈরি ‘লাস্ট স্টোরিজ ৩’ অ্যান্থলজিতে রাধিকা মদন, বিজয় ভার্মা ও আলি ফজল ছাড়াও অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি ও কঙ্কনা সেন শর্মার মতো তারকারা।
