![]()
‘বিগ বস ২০’-এর সাম্প্রতিক পর্বে নিজের অতীত প্রেম এবং বিচ্ছেদ নিয়ে খোলাখুলি কথা বলেছেন মডেল ও অভিনেত্রী উদিতি সিং। তিনি জানিয়েছেন, তৎকালীন প্রেমিকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং শেষ পর্যন্ত তা ভেঙে যাওয়া তাঁর জীবনে প্রকৃতপক্ষে এক আশীর্বাদ হিসেবেই দেখা দিয়েছিল।
অনুষ্ঠানে প্রতিযোগীদের সঙ্গে আলাপচারিতায় উদিতি বলেন, “আমার কাছে সেই বিচ্ছেদটা ছিল ছদ্মবেশে আশীর্বাদ (ব্লেসিং ইন ডিসগাইস)।” তিনি জানান, সম্পর্কের ইতি টানার পরই তাঁর ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ার—উভয় ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে।
উদিতির ভাষ্যমতে, করোনাকালীন লকডাউনের সময় তিনি ও তাঁর তৎকালীন প্রেমিক ‘নোয়া’ নামের একটি গোল্ডেন রিট্রিভার প্রজাতির কুকুর দত্তক নিয়েছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই পোষ্য কুকুরটির সঠিক দেখভাল ও দায়িত্ব নেওয়া নিয়ে তাঁদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। এ ছাড়া ঘরদোর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দৈনন্দিন অভ্যাস এবং জীবনযাত্রার ভিন্নতার কারণেও প্রতিনিয়ত ঝগড়া হতো বলে জানান তিনি।
সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে বয়সের ব্যবধান ও প্রাক্তন সঙ্গীর কর্তৃত্বপরায়ণ মনোভাবকেও দায়ী করেন উদিতি। তিনি অভিযোগ করেন, সঙ্গী প্রায়শই তাঁকে নিরুৎসাহিত করতেন এবং তাঁর মতামতকে গুরুত্ব দিতেন না। উদিতির মতে, একটি সম্পর্কের সঙ্গী যদি উৎসাহ দেওয়ার বদলে প্রতিনিয়ত নিরুৎসাহিত করে, তবে সেই সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে।
অবশ্য এ ঘটনাকে জীবনের শেষ হিসেবে দেখতে নারাজ এই অভিনেত্রী। তাঁর মতে, দুজন মানুষের একসাথে থাকার পেছনে সময় ও পরিস্থিতির বড় ভূমিকা থাকে। অনেক সময় সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয় না।
উল্লেখ্য, ২০১৯ সালে উদিতি ও করণ তাঁদের সম্পর্কের সূচনা করেছিলেন। একটি সাক্ষাৎকারে উদিতি জানান, লন্ডনের এক রেস্তোরাঁ সংক্রান্ত তথ্য জানতে ইনস্টাগ্রামে করণকে প্রথম বার্তা পাঠিয়েছিলেন তিনি। পরবর্তীতে করণ লন্ডনে গেলে তাঁদের দেখা হয় এবং প্রায় দুই মাস নিয়মিত কথা বলার পর তাঁরা প্রেমের সম্পর্কে জড়ান।
