![]()
ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা আপাতত স্থগিত রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপসাগরীয় অঞ্চলের কয়েকটি মিত্র দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন এর কয়েক ঘণ্টা আগেই তিনি জানিয়েছিলেন, ইরানের রাজধানী তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্র কোনো দ্বিধা করবে না।
তবে কোন কোন দেশ তার কাছে হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে হামলার দাবি
অন্যদিকে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসির দাবি অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন রাডারটি লক্ষ্যবস্তু করা হয়।
ইরানের এই সামরিক বাহিনীর দাবি, হামলার মাধ্যমে শত্রুপক্ষকে আকাশপথে উসকানিমূলক তৎপরতা বন্ধ এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পাচার রোধের বিষয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছে।
তবে বাহরাইনে হামলার বিষয়ে আইআরজিসির দেওয়া দাবির বিস্তারিত স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণা পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।
সূত্র: আল জাজিরা
