![]()
আমেরিকান রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ানকে ২০১৬ সালে প্যারিসে ঘটে যাওয়া বহুল আলোচিত সশস্ত্র ডাকাতির মামলায় প্রতীকী ক্ষতিপূরণ হিসেবে মাত্র ১ ইউরো প্রদানের নির্দেশ দিয়েছেন ফরাসি আদালত।
দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আসা এই রায়ে বিস্ময়ের কিছু নেই; কারণ কিম কার্দাশিয়ান নিজেই আদালত থেকে শুধুমাত্র আইনি স্বীকৃতি হিসেবে এই প্রতীকী অর্থ দাবি করেছিলেন।
গত বছর আদালত এই ঘটনায় জড়িত আটজনকে দোষী সাব্যস্ত করেন। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের পর এক যৌথ বিবৃতিতে কিম কার্দাশিয়ান এবং তার স্টাইলিস্ট সিমোন হারুচে ফরাসি বিচারব্যবস্থার প্রতি সন্তোষ প্রকাশ করেন।
বিবৃতিতে তারা বলেন, “ঘটনার মানসিক আঘাত আজও আমাদের বয়ে বেড়াতে হয়। তবে আজকের এই রায় টাকার জন্য নয়, বরং অপরাধের স্বীকৃতি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়। আমরা এখন এই ট্রমা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাই।”
ঘটনার পেছনের ইতিহাস
২০১৬ সালের অক্টোবর মাসে প্যারিস ফ্যাশন উইক চলাকালীন ‘হোটেল ডি পুরতালেস’-এ অবস্থান করছিলেন কিম। পুলিশের পোশাক পরা দুই ডাকাত তার ঘরে ঢুকে তাকে টেপ ও জিপ টাই দিয়ে বেঁধে ফেলে। ডাকাতদলটি তৎকালীন প্রায় ৬০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ কোটি টাকা) মূল্যের গহনা ও হীরা লুট করে চম্পট দেয়।
তদন্তকারীদের মতে, এই চক্রটি ফ্রান্সে ‘লে পাপিস ব্রাক্যুর’ বা ‘দাদাদের ডাকাতি দল’ নামে পরিচিত লাভ করে। কারণ, বিচারের মুখোমুখি হওয়া অভিযুক্তদের ৬ জনের বয়সই ছিল ৬০ থেকে ৭০ বছরের মধ্যে।
অন্যান্যদের ক্ষতিপূরণ
কিম ও তার স্টাইলিস্ট দুজনেই প্রতীকী ১ ইউরো করে ক্ষতিপূরণ পেলেও, আদালতের নির্দেশে অন্যান্য ক্ষতিগ্রস্তরা আর্থিক ক্ষতিপূরণ পাচ্ছেন:
-
হোটেল রিসেপশনিস্ট: ঘটনার সময় ডাকাতদের মুখোমুখি হয়ে চরম মানসিক ট্রমার শিকার হওয়ায় সেখানকার সাবেক রিসেপশনিস্টকে ১,০৯,৫১৬ ইউরো দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
-
হোটেল কর্তৃপক্ষ: নিরাপত্তাজনিত এবং ব্যবসায়িক ক্ষতির জন্য হোটেল কর্তৃপক্ষ পাচ্ছে ৫০,০০০ ইউরো।
আসামিরা ইতোমধ্যেই নির্ধারিত সময় হাজতবাস করায় তাদের আর নতুন করে কারাদণ্ড ভোগ করতে হচ্ছে না। অপরাধীরা এই রায়ের বিরুদ্ধে কোনো আপিলও করেননি।
