![]()
মাত্র তিন বছর বয়সেই বিশ্বভ্রমণের এক অনন্য রেকর্ড গড়ে সংবাদের শিরোনামে এসেছে মার্কিন শিশু বুটসি ডারিংটন। বিশ্বের সবকটি ডিজনি থিম পার্ক ঘুরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম লিখিয়েছে সে। ৩ বছর ১৩৯ দিন বয়সে এই কীর্তি গড়ে সবচেয়ে কম বয়সে ১২টি ডিজনি পার্ক ভ্রমণের রেকর্ড এখন বুটসির দখলে।
বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে শিশুটির এই ব্যতিক্রমী যাত্রার বিস্তারিত তথ্য।
যেভাবে শুরু ও শেষ
২০২৪ সালে যখন বুটসি হাঁটতেও শেখেনি, তখন জাপানের ‘টোকিও ডিজনি সি’ ভ্রমণের মাধ্যমে তার এই বিশ্বভ্রমণের সূচনা হয়। এরপর টানা আড়াই বছর ধরে এশিয়া, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ১২টি ডিজনি থিম পার্ক একে একে পরিভ্রমণ করে সে।
এই দীর্ঘ যাত্রার চূড়ান্ত রূপ নেয় গত ১৪ সেপ্টেম্বর, ডিজনিল্যান্ড প্যারিসে। চার বছর বয়সে পা রাখার আগেই পরিবারের সঙ্গে এই শেষ ধাপটি সম্পন্ন করে বুটসি।
রেকর্ড স্বীকৃতি
ডিজনিল্যান্ড প্যারিসেই আনুষ্ঠানিকভাবে বুটসির হাতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি তুলে দেওয়া হয়। সেখানে উপস্থিত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধি উইলিয়াম স্যান্ডন নিশ্চিত করেন, সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে বিশ্বের সবকটি ডিজনি পার্ক ভ্রমণের খেতাব এখন এই শিশুর।
পুরো ভ্রমণজুড়ে বুটসির সঙ্গী ছিলেন তার বাবা-মা এবং পাঁচ বছর বয়সী বড় ভাই ব্রিগস ডারিংটন। শৈশবের এই স্মরণীয় অভিজ্ঞতা আর গিনেস রেকর্ড তাকে বিশ্বজুড়ে এনে দিয়েছে পরিচিতি।
সূত্র: সামা টিভি
