![]()
প্রথম সন্তান দুয়ার পর আবারও কন্যাসন্তান; মা ও নবজাতক দুজনেই সুস্থ
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিংয়ের ঘর আবারও কন্যাসন্তানের আগমনে আনন্দে ভাসছে। দ্বিতীয়বারের মতো মা হয়েছেন দীপিকা। শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানিয়েছে, বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন।
দ্বিতীয় সন্তানের জন্মের আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের লালবাগচা রাজার দর্শনে গিয়েছিলেন দীপিকা। স্বামী রণবীরের হাত ধরে গণপতি দর্শনে তাকে দেখা যায়। এর আগে গুঞ্জন ছিল, নভেম্বরে সন্তানের জন্ম দিতে পারেন অভিনেত্রী। তবে নির্ধারিত সময়ের আগেই এলো সুখবর।
দ্বিতীয়বার মা হওয়ার আগে ভগবানের আশীর্বাদ নিতেই দীপিকা লালবাগচা রাজার দর্শনে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। বড় মেয়ে দুয়ার জন্মের পর ফের মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী। এক মেয়ের পর এবারও রণবীর-দীপিকার ঘর আলো করে এলো কন্যাসন্তান।
গত ৮ সেপ্টেম্বর ছিল তাদের বড় মেয়ে দুয়ার দ্বিতীয় জন্মদিন। ২০২৪ সালের এই দিনেই ‘দীপবীর’ দম্পতির জীবনে আসে প্রথম সন্তান। মেয়ের ব্যক্তিগত পরিসর নিয়ে শুরু থেকেই সতর্ক ছিলেন রণবীর ও দীপিকা। প্রকাশ্যে এলেও দুয়ার মুখ খুব একটা স্পষ্টভাবে প্রকাশ করতে চাননি তারা।
তবে দুয়ার দ্বিতীয় জন্মদিনে ভক্তদের চমকে দেন দীপিকা। সাদা-কালো একটি বিশেষ ছবিতে রণবীর ও মেয়ের সঙ্গে ফটোশুট করেন অভিনেত্রী। ছবিটি প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তারকা থেকে অনুরাগী—শুভেচ্ছায় ভাসতে থাকে সামাজিক যোগাযোগমাধ্যম।
এবার সেই পরিবারেই যোগ হলো আরও এক নতুন সদস্য। দ্বিতীয় কন্যাসন্তানের আগমনে নতুন আনন্দে ভাসছেন রণবীর-দীপিকা।
