![]()
সম্প্রতি ইনস্টাগ্রামে যোগ দিয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি। এবার বাড়ির বারান্দায় বসে গিটার বাজানোর একটি ভিডিও প্রকাশ করে আলোচনায় এসেছেন এই অভিনেতা। তবে ভিডিওর চেয়েও বেশি নজর কেড়েছে স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে তাঁর মজার কথোপকথন।
ভিডিওতে নীল কুর্তা ও সাদা পায়জামা পরে হলুদ রঙের একটি ইলেকট্রিক গিটার বাজাতে দেখা যায় সাইফকে। এ সময় তাঁর সঙ্গে আরও কয়েকজন সংগীতশিল্পী বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন। বাড়ির বারান্দায় গানের আসরের জন্য সাজানো হয়েছিল মনোরম পরিবেশ।
ভিডিওটির ক্যাপশনে সাইফ লিখেছেন, ‘সুরটা খুঁজে পেয়েছি, তাল হারিয়ে ফেলেছি, তবু দারুণ সময় কেটেছে।’
ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে স্বামীর প্রশংসা করেন কারিনা কাপুর। মজার ছলে তিনি লেখেন, ‘পৃথিবীর সবচেয়ে কুল স্বামী কে? আমি কি বলতে পারি, আমার স্বামী?’
স্ত্রীর এমন প্রশংসার জবাবও দিয়েছেন সাইফ। তবে তাঁর উত্তর ছিল বেশ মজার। কারিনাকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘প্লিজ, নজর লাগিও না।’
তারকা দম্পতির এই কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। অনেকেই তাঁদের মিষ্টি খুনসুটি উপভোগ করছেন।
২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফ আলী খান ও কারিনা কাপুর। বিয়ের আগে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। এই দম্পতির দুই ছেলে—তৈমুর আলী খান ও জেহ আলী খান।
এর আগে অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে সংসার করেছিলেন সাইফ। সেই সংসারে তাঁর দুই সন্তান রয়েছেন—বলিউড অভিনেত্রী সারা আলী খান ও অভিনেতা ইব্রাহিম আলী খান।
ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত আলোচনায় থাকলেও এবার গিটার বাজানো এবং স্ত্রীর সঙ্গে মজার কথোপকথনের কারণে ভক্তদের নজর কেড়েছেন সাইফ আলী খান।
