![]()
ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা দীর্ঘদিন ধরেই বাংলাদেশের শোবিজ অঙ্গন থেকে দূরে। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।
যুক্তরাষ্ট্রে কেমন আছেন—সাম্প্রতিক এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে নিজের জীবন ও বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।
সোমবার (৫ অক্টোবর) ছিল মোনালিসার জন্মদিন। বিশেষ এই দিনটিতে সামাজিক মাধ্যমে নিজের একটি ছবি শেয়ার করে নিজেকেই শুভকামনা জানান তিনি। পাশাপাশি জীবনের নানা বাধা-বিপত্তি ও চড়াই-উতরাইয়ের কথা স্মরণ করেন।
মোনালিসা লেখেন, “জীবনে নানা প্রতিকূলতার পরও কৃতজ্ঞ থাকার অসংখ্য কারণ খুঁজে পাই। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, কারণ তিনি আমাকে জীবনের আরেকটি বছর দেখার তাওফিক দিয়েছেন। পাশাপাশি সুস্বাস্থ্য, শক্তি এবং প্রতিকূলতা মোকাবিলার মানসিক দৃঢ়তা দান করেছেন।”
জন্মদিনে নিজের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তিনি আরও বলেন, “আল্লাহ যেন প্রতিটি দিন কৃতজ্ঞতার সঙ্গে উপভোগ করার সামর্থ্য দেন। জীবনের নতুন একটি বছর যেন আশীর্বাদ, সুন্দর মুহূর্ত ও অর্জনে ভরে ওঠে।”
২০০০-এর দশকে বাংলাদেশের নাটক ও বিজ্ঞাপনে বেশ জনপ্রিয় মুখ ছিলেন মোনালিসা। ২০১২ সালে তিনি নিউইয়র্কপ্রবাসী ব্যবসায়ী ফাইয়াজ শরীফকে বিয়ে করেন এবং পরের বছর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে একটি প্রবাসী বাংলা টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম প্রধান হিসেবেও কিছুদিন কাজ করেন তিনি।
তবে বিয়ের কিছুদিন পরই তাদের বিচ্ছেদ ঘটে। এরপর আর নতুন করে দাম্পত্য জীবনে আবদ্ধ হননি এই অভিনেত্রী। বর্তমানে যুক্তরাষ্ট্রে নিজের মতো করেই জীবনযাপন করছেন মোনালিসা।
