![]()
বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তবে এর মধ্যেই বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। তবে আগামী ১৩ অক্টোবরের কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এদিকে আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃষ্টির সম্ভাবনার মধ্যেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
