![]()
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নিতে যাওয়া প্রার্থীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্ধারিত গুগল ফর্ম এখনো পূরণ না করা প্রার্থীদের আগামী ১২ অক্টোবরের মধ্যে তা জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পিএসসি সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচির ৫ নম্বর অনুচ্ছেদে প্রার্থীদের একটি নির্ধারিত গুগল ফর্ম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া কয়েকজন প্রার্থী এখনো ওই ফর্ম জমা দেননি।
এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম পূরণ করতে না পারা প্রার্থীদের কারণ উল্লেখ করে ফর্মটি জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে পিএসসি। এ জন্য প্রার্থীদের নির্ধারিত গুগল ফর্মে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জমা দিতে হবে।
পিএসসি জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিজ্ঞপ্তির অনুলিপি কমিশনের সিস্টেম অ্যানালিস্ট ও জনসংযোগ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
ফর্ম জমা দেওয়ার শেষ সময়: ১২ অক্টোবর।
