Touch Bangladesh
ঢাকারবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ১৮, ২০২৬ ৯:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় দেশের ৫৬ জেলার সব উপজেলায় আগামী ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহী তরুণেরা ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কর্মসূচির মূল লক্ষ্য হলো সম্ভাবনাময় তরুণদের চিহ্নিত করে তাঁদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে আর্থিক সহায়তা দেওয়া। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, কর্মসূচির প্রাথমিক পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে।

গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণায় আবেদন গ্রহণ করা হয়। এসব জেলার মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে নেত্রকোণায়। জেলাটি থেকে ৫ হাজার ৩৫১ জন আবেদন করেছেন।

প্রাথমিক পর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে এবার আরও বিস্তৃত পরিসরে আবেদন গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

বাংলাদেশ ব্যাংকের এই কর্মসূচিতে আবেদনের জন্য কয়েকটি শর্ত নির্ধারণ করা হয়েছে।

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। যে উপজেলার জন্য আবেদন করা হবে, সেই উপজেলার স্থায়ী বাসিন্দা হওয়াও বাধ্যতামূলক।

এ ছাড়া ব্যবসা শুরু করার পরিকল্পনা অথবা সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা থাকতে হবে। তবে আবেদন করার আগে থেকে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়।

ঋণ ও অনুদান মিলিয়ে সর্বোচ্চ ২০ লাখ টাকা

কর্মসূচির আওতায় যোগ্য আবেদনকারীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাওয়ার সুযোগ পাবেন। তবে ঋণ ও অনুদান পাওয়ার বিষয়টি নির্ধারিত শর্ত ও যোগ্যতার ওপর নির্ভর করবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, যাঁরা আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক ঋণ নিয়েছেন, তাঁরা এ কর্মসূচির সুবিধা পাবেন না। ঋণখেলাপিরাও আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবেন না।

এ ছাড়া সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ কর্মসূচির আওতায় আবেদন করতে পারবেন না।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের আগামী ১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। পূরণ করা ফরম সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফশিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে।

আবেদন ফরম সংগ্রহ করা যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং এসএমই পোর্টাল থেকে।

ফরম ও কর্মসূচি-সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: https://www.bb.org.bd/en/index.php

এসএমই পোর্টাল: https://www.bb.org.bd/smespd_portal/

আবেদনের আগে প্রার্থীদের যোগ্যতার শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র এবং ঋণ ও অনুদান পাওয়ার নিয়মাবলি ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।