![]()
সরকারি-আধা সরকারি সংস্থা, ব্যাংক-বিমা ও শূন্য রিটার্নে ২০ দিনের সুযোগ | সংশোধিত অধ্যাদেশের খসড়া অনুমোদন
প্রতি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে মূল্য সংযোজন করের (ভ্যাট) দাখিলপত্র বা রিটার্ন জমা দেওয়ার বিধান আবার চালু করা হচ্ছে। তবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে রিটার্ন জমার জন্য ২০ দিন সময় দেওয়া হবে।
মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বাড়াতে এমন বিধান রেখে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে ‘মূল্য সংযোজন কর আইন, ২০১২’-এর ধারা ৬৪ সংশোধন করা হচ্ছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অধ্যাদেশটির খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করে।
খসড়ায় বলা হয়েছে, বর্তমানে প্রতি তিন কর মেয়াদ শেষে অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার যে বিধান রয়েছে, তা পরিবর্তন করে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে রিটার্ন জমার বিধান পুনঃপ্রবর্তন করা হবে।
এ ছাড়া কর মেয়াদ শেষ হওয়ার ১৫তম দিন সরকারি ছুটি হলে পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে।
অন্যদিকে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ২০ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে পারবে।
