![]()
চলতি অক্টোবর মাসের প্রথম ২৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা ২১৩ কোটি ৭০ লাখ (২.১৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২৩ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৬ হাজার ২৮৫ কোটি ১০ লাখ টাকা।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের মাসের একই সময়ে এসেছিল ২০০ কোটি ২০ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রায় ১৩ কোটি ৫০ লাখ ডলার বা ৬ দশমিক ৭ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে।
এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে এ বছর একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।
এর আগে সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে মোট ২৭৬ কোটি ৬০ লাখ (২.৭৬ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স এসেছে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার, আর আগস্টে এসেছিল ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।
২০২৫-২৬ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার, আর ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
