![]()
ময়মনসিংহের ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে মা ও ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এর আগে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আওলাতলী গ্রামে এই ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—আওলাতলী গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী পারভীন আক্তার (৪৫) ও তাঁর ছেলে পারভেজ মিয়া (২৫)। পুলিশ জানিয়েছে, পারভেজের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় আগে থেকেই পাঁচটি মাদক মামলা রয়েছে। এক মাস আগেও একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।
মসজিদের মাইকে ঘোষণা, অতপর গণবিক্ষোভ
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে আওলাতলী মধ্যপাড়া (পুরাতন) জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মাদক নির্মূলে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। মুহূর্তের মধ্যে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ লাঠিসোঁটা নিয়ে জামাল উদ্দিনের বাড়ির সামনে জড়ো হন।
বিক্ষুব্ধ জনতা বাড়িটি ঘেরাও করে পারভেজ ও তার মাকে আটকে রাখলেও পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যান। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উত্তেজিত জনতা ওই বাড়িতে ভাঙচুর শুরু করে এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে তিনটি আধা-পাকা ঘর, চারটি টিনশেড ঘর, একটি রান্নাঘর ও একটি মোটরসাইকেল সম্পূর্ণ ভস্মীভূত হয়। স্থানীয়দের দাবি, ঘরে থাকা মাদকের একটি বড় অংশও আগুনে পুড়ে গেছে।
নেতৃবৃন্দ ও প্রশাসনের বক্তব্য
আওলাতলী মসজিদের ইমাম শফিকুল ইসলাম জানান, দেশব্যাপী মাদক নির্মূলে সরকারি উদ্যোগের অংশ হিসেবেই অতিষ্ঠ এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে এই পদক্ষেপ নিয়েছে।
হবিরবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল হোসেন এবং ইউপি সদস্য মো. শাহজাহান অভিযোগ করে বলেন, এই পরিবারটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছিল। তাদের কারণে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা মাদকাসক্ত হয়ে পড়ছিল। এলাকাবাসী দীর্ঘদিন ধরেই এদের ওপর ক্ষুব্ধ ছিল।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আটক মা-ছেলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই পরিবারটি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উত্তেজিত জনতা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।”
ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় নতুন করে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
