![]()
নিউজ প্রোভাইডার
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং বিতর্কিত শিল্পগ্রুপ এস আলমের কর্ণধার সাইফুল আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দাখিল করায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম মোহাম্মদ ইয়াসীন আলী। তিনি ইসলামী ব্যাংকের একটি শাখায় কর্মরত ছিলেন। বরখাস্তের পাশাপাশি তাঁকে ব্যাংকের ট্রেনিং একাডেমিতে সংযুক্ত (অ্যাটাচড) করা হয়েছে।
৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ব্যাংক সূত্র জানায়, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ও সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে ব্যাংক থেকে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে অনুসন্ধানের আবেদন জানিয়ে দুদকে চিঠি পাঠান মোহাম্মদ ইয়াসীন আলী।
অভিযোগের বিষয়টি জানাজানি হওয়ার পরপরই ব্যাংক কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে এই সাময়িক বরখাস্তের আদেশ জারি করে।
ব্যাংক কর্তৃপক্ষের ব্যাখ্যা
ঘটনার বিষয়ে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলতাফ হোসেন জানান, ব্যাংকিং নিয়ম অনুযায়ী শাখা পর্যায় থেকে সরাসরি কোনো কর্মকর্তা দুদকের মতো সংস্থায় অভিযোগ পাঠাতে পারেন না।
তিনি বলেন, “ঋণ সংক্রান্ত কোনো অনিয়ম বা জালিয়াতি হলে ব্যাংক আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে দ্বারস্থ হয়। আদালত প্রয়োজন মনে করলে তা অধিকতর তদন্তের জন্য দুদকে পাঠাতে পারে। তা ছাড়া দুদকের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের জন্য ব্যাংকের প্রধান কার্যালয়ে পৃথক বিভাগ রয়েছে।”
ভারপ্রাপ্ত এমডি আরও যোগ করেন, শাখার নিয়ম লঙ্ঘন করে কেন ওই কর্মকর্তা সরাসরি দুদকে অভিযোগ পাঠালেন, তা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত চলাকালীন সময়েই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ব্যাংক কর্তৃপক্ষ নিজস্ব আইন অনুযায়ী আদালতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
