![]()
জামায়াতে ইসলামীর আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’ বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জামায়াতের রাজনীতির ইতিহাস আত্মসমর্পণ এবং স্বৈরশক্তির কাছে নতজানু হওয়ার ইতিহাস।
রোববার (১ নভেম্বর) ঢাকা আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘বিপ্লবের কথা বলেন? আপনাদের রাজনীতির ইতিহাস তো আত্মসমর্পণের ইতিহাস, স্বৈরশক্তির কাছে নতজানু হওয়ার ইতিহাস।’
শ্রমিক আন্দোলন ঘিরে অস্থিরতা তৈরির অভিযোগ
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে বিএনপির এই নেতা অভিযোগ করেন, শ্রমিকদের হঠাৎ রাস্তায় নামিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে তারেক রহমান দেশের অর্থনীতি শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন এবং একের পর এক দেশে গিয়ে বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে আসছেন। এসব উদ্যোগ বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন তিনি।
রিজভীর অভিযোগ, দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন স্থানে গাড়ি ও বাসে আগুন দেওয়া হচ্ছে, পুলিশ বক্সে অগ্নিসংযোগ এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় আটক ব্যক্তিদের মধ্যে যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, রোববারও ১১ জনকে আটক করা হয়েছে। তাদের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। ওই ব্যক্তি নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে আন্দোলনের মধ্যে থেকে এসব কর্মকাণ্ডে জড়িত থাকার কথা জানিয়েছেন বলে দাবি করেন রিজভী।
নতুন শক্তির সঙ্গে আওয়ামী লীগের গোপন সম্পর্কের অভিযোগ
রিজভী বলেন, একদিকে আওয়ামী লীগের পরাজিত ফ্যাসিবাদী শক্তি, অন্যদিকে নতুন একটি শক্তি রয়েছে। নতুন এই শক্তি পরাজিত শক্তির সঙ্গে গোপন সম্পর্ক রেখে কাজ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
তারেক রহমানের সামাজিক সুরক্ষা পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ইমাম-মুয়াজ্জিন, হিন্দু সম্প্রদায়ের পুরোহিত এবং বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতাদের ভাতা দেওয়ার পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসীরা দেশের মাটি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে। বিদেশে তাদের কোনো প্রভু নেই। তারা এ দেশেই থাকবেন।
রিজভী আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি সুন্দর, সমৃদ্ধ, গণতান্ত্রিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।
সাত দফা দাবি নিয়েও প্রশ্ন
অনুষ্ঠানে সাত দফা দাবির প্রসঙ্গ তুলে রিজভী বলেন, এসব দাবির মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের বিষয় রয়েছে। তবে সংবিধান সংস্কার বলতে ঠিক কী বোঝানো হচ্ছে, তা স্পষ্ট করে ব্যাখ্যা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম খান, সাবেক সভাপতি খোরশেদ আলম মিয়া, ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ঢাকা আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
