![]()
মোহাম্মদ করিম, মফস্বল সম্পাদক
বান্দরবানের লামা বাজারে পাগলা কুকুরের উপদ্রব।আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাইয়াছে। কুকুরের আক্রমণে চার বছর বয়সী এক শিশু আহত হওয়ার ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়াছে। বিশেষ করিয়া শিশুদের নিরাপত্তা লইয়া শঙ্কিত অভিভাবকেরা।
সোমবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে লামা বাজারের কামারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বাজারে অবস্থানকালে চার বছর বয়সী শিশুটিকে একটি পাগলা কুকুর কামড়াইয়া আহত করে। পরে শিশুটির পিতা দ্রুত তাহাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লইয়া যান।
শিশুটির পিতার অভিযোগ, হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদানকালে জলাতঙ্কের টিকা বাজার হইতে কিনিয়া আনিবার জন্য রোগীর অভিভাবককে নির্দেশ দেন। পরে বাজার হইতে টিকা সংগ্রহ করিয়া শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল হইতে পাঠানো হয়।
এ বিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিমের সহিত যোগাযোগ করা হইলে তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় জলাতঙ্কের টিকা মজুত রহিয়াছে। হাসপাতাল হইতে টিকা না দিয়া বাজার হইতে কিনিতে বলার বিষয়টি তিনি খতিয়ে দেখিবেন বলিয়াও আশ্বাস প্রদান করেন।
এদিকে, লামা বাজারের বিভিন্ন এলাকায় বেওয়ারিশ ও পাগলা কুকুরের অবাধ বিচরণ জননিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হইয়া দাঁড়াইয়াছে। বিশেষত বাজারে শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিদের চলাচল ঝুঁকিপূর্ণ হইয়া উঠিয়াছে। স্থানীয় সচেতন মহলের মতে, এ পরিস্থিতি অব্যাহত থাকিলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটিবার আশঙ্কা রহিয়াছে।
তাই জননিরাপত্তার স্বার্থে লামা পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণ এবং আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করিবার দাবি জানাইয়াছেন স্থানীয় সচেতন মহল।
