রাজধানীর পরিবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হলো মাসান্তের ‘ইয়েল পাঠচক্র’-এর বিশেষ আয়োজন। আধ্যাত্মিক ও দার্শনিক সংগঠন ইয়েল সোসাইটির উদ্যোগে আয়োজিত এই পাঠচক্রে আলোচনার বিষয় ছিল— “বৌদ্ধধর্ম ও তার রূপভেদ”।
অনুষ্ঠানে বৌদ্ধধর্মের বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন দুই আলোচক। হীনযান বা থেরবাদ পর্ব নিয়ে বক্তব্য দেন এস. জি. কিবরিয়া দীপু এবং মহাযান পর্ব নিয়ে আলোচনা করেন তানিম নওশাদ। তারা বৌদ্ধ দর্শনের মূলনীতি, ঐতিহাসিক বিকাশ এবং বিভিন্ন শাখার দার্শনিক পার্থক্য নিয়ে উপস্থিত শ্রোতাদের সামনে বিশ্লেষণধর্মী বক্তব্য তুলে ধরেন।
আলোচনায় গৌতম বুদ্ধের জীবন, দর্শন এবং মানবজীবনের দুঃখ-সুখ, ত্যাগ ও মুক্তির দিকগুলো বিশেষভাবে উঠে আসে। পাশাপাশি সাহিত্য ও দর্শনের সংযোগ প্রসঙ্গে একটি কবিতার উদ্ধৃতির মাধ্যমে মানবজীবনের ক্ষণস্থায়িত্ব, দারিদ্র্য এবং শিল্পীর বেদনার প্রতিফলন তুলে ধরা হয়, যা উপস্থিতদের মধ্যে গভীর চিন্তার উদ্রেক করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৌদ্ধধর্ম কেবল একটি ধর্মীয় মতবাদ নয়, বরং এটি মানবিকতা, সহমর্মিতা এবং আত্মজিজ্ঞাসার এক অনন্য পথ। বর্তমান সময়ে এই দর্শনের প্রাসঙ্গিকতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হওয়া এই পাঠচক্রে বিভিন্ন শ্রেণি-পেশার আগ্রহী ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ ধরনের আলোচনা মানুষের মধ্যে জ্ঞানচর্চা ও আধ্যাত্মিক চিন্তার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

