কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় মরিচ্যা চেকপোস্টে টহল জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশীকালে সিএনজির যাত্রী মোছাঃ ছেনোয়ারা বেগম (৩০), স্বামী মৃত লাল মিয়া, টেকনাফ উপজেলার ডেইল পাড়া এলাকার বাসিন্দাকে সন্দেহ করা হয়। প্রাথমিকভাবে তিনি কোনো কিছু অস্বীকার করলেও পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশিতে তার শরীরের সাথে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক পাচার প্রতিরোধে তারা সর্বদা তৎপর রয়েছে। আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

