![]()
তাহিরপুরে ফের সংঘর্ষের প্রস্তুতি, এমপির হস্তক্ষেপে রক্তপাত এড়াল চার গ্রামের মানুষ
সুনামগঞ্জের তাহিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ানো চার গ্রামের বাসিন্দারা ফের মুখোমুখি অবস্থানে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে দুই পক্ষের লোকজন জড়ো হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তাঁর হস্তক্ষেপে নতুন করে সংঘর্ষ ও সম্ভাব্য রক্তপাত এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ক্রিকেট খেলার বল একটি ইজিবাইকের কাচে লাগাকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
ওই ঘটনার পরদিন বৃহস্পতিবার সকালেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষের প্রস্তুতি নিতে থাকেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি উত্তেজিত তরুণ ও যুবকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার আশ্বাস দিলে দুই পক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে যান।
সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, ফের সংঘর্ষের প্রস্তুতির খবর পেয়েই তিনি ঘটনাস্থলে যান। সেখানে লোকজন মারামারির জন্য জড়ো হয়েছিল। সবার সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী বলেন, ক্রিকেট খেলার বল অটোরিকশায় পড়াকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মসজিদের মাইকিংয়ের পাশাপাশি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
তিনি বলেন, সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
