![]()
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদন করা যাবে ৩০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। তবে এবার কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ১৩ অক্টোবর সকাল ১০টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর বিকেল ৫টা।
আবেদনের যোগ্যতা
ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে আবেদন করতে হলে প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
শারীরিক যোগ্যতা
নিয়োগ বিজ্ঞপ্তিতে নারী ও পুরুষ প্রার্থীদের জন্য আলাদা উচ্চতার শর্ত নির্ধারণ করা হয়েছে।
সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।
অন্যদিকে, সাধারণ কোটার নারী প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং বিশেষ কোটার নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে।
আবেদন ফি জমা দেওয়ার নিয়ম
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন করার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিল
নিয়োগপ্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে পুলিশ সদর দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনপত্রে ভুয়া, মিথ্যা বা ভুল তথ্য দেওয়া কিংবা কোনো তথ্য গোপন করা হলে প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা হতে পারে।
এমনকি চাকরিতে যোগদানের পরও কোনো তথ্য অসত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
আবেদন করার আগে প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির সব শর্ত ভালোভাবে পড়ে নেওয়া এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ও ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
