![]()
রাজধানীর উত্তরায় ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালাতে গিয়ে শারীরিকভাবে হেনস্তার শিকার হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাঁর বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগ তুলে স্থানীয় ব্যবসায়ী ও লোকজন তাঁকে ঘিরে ধরেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। হেনস্তার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম অতীশ দর্শী চাকমা।
স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, দুপুরে জসীমউদ্দীন সড়কের পাকার মাথা এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করেন ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা।
এ সময় জরিমানার পরিমাণ কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর এক সহযোগী এক দোকানির কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নেন বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। পরে ওই টাকা উদ্ধার করা হয়েছে বলেও তাঁদের দাবি। তবে ঘুস নেওয়ার অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরে শারীরিকভাবে হেনস্তা করেন। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ফুটপাতে দোকান বসানোর অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট কয়েকজনকে জরিমানা করেন। জরিমানার রসিদ দেওয়া নিয়ে দোকানিদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছেন। ঘটনার বিস্তারিত জানতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ এবং ঘুস নেওয়ার অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
