![]()
নিউজ প্রোভাইডার
বরগুনার পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লেমুয়া বাজারের ব্যবসায়ীদের পুনর্বাসনে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটির পাথরঘাটা উপজেলা শাখার উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৩৮ জন ব্যবসায়ীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৯০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ১ নম্বর রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে আয়োজিত অর্থ বিতরণ ও মতবিনিময় সভায় এ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমির মাওলানা মো. মহিবুল্লাহ হারুন। সভায় সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা শাখার আমির মো. মাসুদুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা শাখার সাবেক আমির আবু জাফর মো. সালেহ, পাথরঘাটা উপজেলা শাখার সেক্রেটারি আব্দুল আল মামুন, বরগুনা পৌর শাখার শুরা সদস্য অ্যাডভোকেট গোলাম মাওলা মাসুম, উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. জাহাঙ্গীর আলম এবং রায়হানপুর ইউনিয়ন শাখার আমির মো. ইব্রাহিম খলিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বর্তমানে কঠিন সময় পার করছেন। তাঁদের এই দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সামাজিক ও মানবিক দায়িত্ব। আর্থিক সহায়তার মাধ্যমে ব্যবসায়ীরা যেন ক্ষতি কাটিয়ে আবারও স্বাভাবিক ব্যবসায় ফিরতে পারেন, সে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
আয়োজকরা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তাৎক্ষণিক আর্থিক সংকট কিছুটা লাঘব করা এবং তাঁদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জোগাতেই এ সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
