![]()
আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্সের মার্সেই শহরে অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তার ঘটাতে শিশু-কিশোরদের ব্যবহার করছে সংঘবদ্ধ মাদক চক্র। মাদক বিক্রি থেকে শুরু করে অপহরণ, নির্যাতন এমনকি হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধেও তাদের যুক্ত করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিশোরদের অপরাধ জগতে টেনে আনা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ফ্রান্সের অপরাধ জগতের এমন উদ্বেগজনক চিত্র।
প্রতিবেদন অনুযায়ী, মার্সেইয়ের প্রভাবশালী অপরাধী গোষ্ঠী ডিজেড মাফিয়া (DZ Mafia) মাদক ব্যবসার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোরদের ব্যবহার করছে। শুরুতে সহজে অর্থ উপার্জন, গাড়ি ও বিলাসবহুল জীবনযাপনের স্বপ্ন দেখানো হলেও একবার এই চক্রে জড়িয়ে পড়লে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে।
২০২২ সালে মার্সেইয়ের একটি আবাসিক এলাকায় মাদক কিনতে গিয়ে এক নারী বিক্রেতার কাছ থেকে একটি চিরকুট পান। সেখানে লেখা ছিল, ‘আমাদের জোর করে আটকে রাখা হয়েছে, সাহায্য দরকার। আমাদের বয়স ১৫ বছর।’
পরে জানা যায়, ওই চক্রের সদস্যরা দুই কিশোরকে আটকে রেখে নির্যাতন করছিল। পালানোর চেষ্টা করলে তাদের একজনকে ধরে মারধর ও ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০২৩ সালে রক্তক্ষয়ী আধিপত্যের লড়াইয়ের পর ডিজেড মাফিয়া মার্সেইয়ের অন্যতম শক্তিশালী অপরাধী গোষ্ঠীতে পরিণত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের কর্মকাণ্ডের ভিডিও প্রকাশের পাশাপাশি নতুন সদস্য সংগ্রহেও এসব মাধ্যম ব্যবহার করছে তারা।
ফ্রান্সের মাদকবিরোধী ইউনিটের প্রধান দিমিত্রি জুলাসের তথ্যমতে, ২০২৫ সালে দেশটিতে ১০ হাজারের বেশি শিশু কোনো না কোনোভাবে মাদক পাচারের সঙ্গে জড়িয়ে পড়ে। একই সময়ে ফ্রান্সে কোকেন ব্যবহারকারীর সংখ্যা ২০১৭ সালের প্রায় ছয় লাখ থেকে বেড়ে প্রায় ২০ লাখে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে চালক, মাদক পরিবহনকারী এমনকি খুনি নিয়োগের বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে। প্যারিস, নঁত ও লিলের মতো শহরের কিশোররাও এসব প্রলোভনমূলক বিজ্ঞাপনের মাধ্যমে আকৃষ্ট হচ্ছে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অপরাধী চক্রের সাবেক এক সদস্য জানান, গাড়ি, বড় বাড়ি, মাদক ও বিপুল অর্থের প্রলোভন দেখিয়ে কিশোরদের দলে নেওয়া হয়। তবে একবার এই অপরাধ জগতে প্রবেশ করলে সেখান থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন।
ফ্রান্সের পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল থেকে ডিজেড মাফিয়ার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় এক হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৬০০ জন বর্তমানে কারাগারে রয়েছেন।
অন্যদিকে, মাদক চক্রের হাতে নিহত হুগো নামের এক তরুণের মা কারিন ব্রুইয়ার্ড বলেন, অপরাধী গোষ্ঠীগুলো শুধু তরুণদের জীবনই ধ্বংস করছে না, বরং তাদের পুরো পরিবারকেও বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে।
সূত্র: বিবিসি।
