![]()
নিউজ প্রোভাইডার
‘চারিপাশে মঙ্গা লাগছে ব্যাহে, গরুগুলাক কি খাওয়াই? পোয়ালের যে দাম!’—কথাগুলো বলতে বলতে জলাশয়ের পানিতে নেমে কচুরিপানা কাটছিলেন ৭০ বছর বয়সী আব্দুল হালিম। চারটি গরুর মুখে খাবার তুলে দিতে প্রতিদিনই তাঁকে ছুটতে হচ্ছে জলাশয়ে। সেখানে কচুরিপানা কেটে একত্র করছেন, তারপর বাঁশের ভারে কাঁধে তুলে নিয়ে যাচ্ছেন বাড়িতে। বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, শক্তি আগের মতো নেই। কিন্তু গরুগুলোর খাবার জোগাড়ের সংগ্রামে একটুও বিরতি নেই তাঁর। গ্রামবাংলার চিরচেনা জীবনের এই দৃশ্য যেন বলে দিচ্ছে, নতুন ধান ঘরে ওঠার আগেই গবাদিপশুর খাবার নিয়ে কতটা দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক গৃহস্থরা।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বড়বিল মন্থনা ব্রিজসংলগ্ন একটি জলাশয়ে দেখা মেলে আব্দুল হালিমের। জলাশয়ের চারপাশে সবুজ প্রকৃতি, পাশের সড়কে ছুটে চলেছে যানবাহন। অথচ সবার চোখের আড়ালে নিজের চারটি গরুর খাবার জোগাড় করতে পানিতে নেমে কচুরিপানা কাটছিলেন তিনি। একের পর এক কচুরিপানা তুলে স্তূপ করছেন। সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে গরুগুলোকে খাওয়াবেন। আব্দুল হালিমের বাড়ি বড়বিল চওড়াপাড়ায়। চারটি গরু লালন-পালন করেন তিনি। কিন্তু মৌসুমের এই সময়ে গরুর খাবার জোগাড় করাই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মাঠে এখনো পুরোদমে ধান কাটা ও মাড়াই শুরু হয়নি। ফলে নতুন খড়ের দেখা নেই। বাজারে পুরোনো খড়ের দামও চড়া।
সংসারের সীমিত সামর্থ্যের মধ্যে বাড়তি দামে খড় কিনে গরু পালন করা কঠিন হয়ে পড়েছে তাঁর জন্য। তাই বাধ্য হয়ে কচুরিপানাকেই আপাতত গরুর খাবারের বিকল্প হিসেবে বেছে নিয়েছেন। কেন কচুরিপানা কাটছেন, জানতে চাইলে আঞ্চলিক ভাষায় আব্দুল হালিম বলেন, ‘চারিপাশে মঙ্গা লাগছে ব্যাহে, গরুগুলা কি খাওয়াই? পোয়ালের যে দাম! এলাং (এখনো) ধান কাটা-মাড়াই শুরু হয় নাই। নয়া পোয়ালও (খড়) পাওয়া যায় না। বাধ্য হওয়া গরুগুলার জন্যে কচুরিপানা কাটোং। গরুগুলা ওগুলা খায়।’
তাঁর কথায় শুধু একজন গৃহস্থের আক্ষেপ নয়, উঠে এসেছে গ্রামীণ জনপদের অনেক মানুষের বাস্তব সংকট। ধান কাটার মৌসুমের আগে ও পরে খড়ের সরবরাহে ঘাটতি দেখা দিলে সবচেয়ে বেশি বিপাকে পড়েন স্বল্প আয়ের গৃহস্থ ও ক্ষুদ্র খামারিরা। গরুর খাবার হিসেবে খড়ের ওপর নির্ভরশীল এসব মানুষের কাছে বাড়তি দাম মানেই বাড়তি দুশ্চিন্তা। অনেকের জন্য গবাদিপশু সংসারের সম্পদ, আবার কারও জীবিকা নির্বাহের অন্যতম অবলম্বন।
৭০ বছর বয়সী আব্দুল হালিমের প্রতিদিনের জীবন এখন যেন গরুগুলোর খাবার সংগ্রহের মধ্যেই আটকে আছে। জলাশয় থেকে কচুরিপানা কাটা, সেগুলো টেনে তোলা, বোঝা তৈরি করা এবং বাঁশের ভারে বাড়িতে নিয়ে যাওয়া—প্রতিটি কাজেই প্রয়োজন হয় শারীরিক শক্তি। বয়সের কারণে কষ্ট হলেও গরুগুলোর খাবারের ব্যবস্থা করতে নিজেকেই এসব কাজ করতে হচ্ছে তাঁকে। কারণ, খাবারের অভাবে গরুগুলোকে তো আর না খাইয়ে রাখা যায় না। এদিকে কচুরিপানা গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করা গেলেও তা সংগ্রহ ও খাওয়ানোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা।
গঙ্গাচড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান বলেন, ‘কচুরিপানা গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। তবে পরিষ্কার ও দূষণমুক্ত জলাশয় থেকে সংগ্রহ করতে হবে। ভালোভাবে পরিষ্কার করে পরিমাণমতো অন্য খাদ্যের সঙ্গে মিশিয়ে খাওয়ানো উচিত। অতিরিক্ত খাওয়ানো ঠিক নয়।’ একদিকে খড়ের সংকট, অন্যদিকে বাড়তি দাম—এই দুইয়ের চাপে দিশেহারা আব্দুল হালিমের মতো অনেক গৃহস্থ। তাঁদের অপেক্ষা এখন নতুন ধান ঘরে ওঠার। মাঠে ধান কাটা শুরু হলে হয়তো মিলবে নতুন খড়, কমবে গরুর খাবার নিয়ে দুশ্চিন্তা। তত দিন পর্যন্ত ৭০ বছরের হালিমের ভরসা সেই জলাশয়ের কচুরিপানা। বয়সের কাছে হার না মেনে প্রতিদিনই তিনি ছুটছেন গরুগুলোর মুখে খাবার তুলে দেওয়ার তাগিদে।
