Touch Bangladesh
ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ২, ২০২৬ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

Loading

শিল্পাকারখানা অধ্যুষিত সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানায় ন্যূনতম মজুরি ৩০ হাজার করার দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর অন্তত ২৬৪টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২ নভেম্বর) বিকেলে শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকাল থেকে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন স্থানে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ ও শ্রমিকরা জানান, তৃতীয় দিনের মতো শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানায় ন্যূনতম ৩০ টাকা বেতনের দাবি, কালো তালিকাভুক্তিকরণ ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে আন্দোলনে নামেন তারা। সকালে বেতন বৃদ্ধির দাবিসহ তিন দফার দাবিতে নবীনগর- চন্দ্রা সড়কের বাড়ইপাড়া এলাকায় পোশাক শ্রমিকরা সড়কে অবস্থান নেন। পরে আশুলিয়া থানা পুলিশ পোশাক শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

অপরদিকে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করে কর্মবিরতি পালন করে। পরে তারা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে এসে জড়ো হন। এসময় নিট এশিয়া, আল-মুসলিম, ট্রাউজার লাইন, অনন্ত গার্মেন্টসসহ বেশ কয়েকটি পোশাক কারখানা গত দিনের মতো আজও সাধারণ ছুটি ঘোষণা করে। পরে পোশাক শ্রমিকরা সড়কে এসে অবস্থান নিলে পুলিশ বাধা দেয়।

এসময় পোশাক শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তখন পুলিশ আন্দোলনরত পোশাক শ্রমিকদের নিবৃত্ত করতে টিয়ারশেল নিক্ষেপ করে। উত্তেজিত পোশাক শ্রমিকরা নরসিংহপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করেছে। এতে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে থমথমে অবস্থা সৃষ্টি হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পিকার্ড বাংলাদেশ লি., আর্টিস্টিক ডিজাইন, জনরন সোয়েটার লি., ফেরারি গার্মেন্টস লি., ডেনিটেক্স লিমিটেড, আনলিমা টেক্সটাইল লিমিটেড, আল ইসলাম টেক্সটাইল লিমিটেড, জি.কিউ. ইন্ড্রাস্ট্রিজ পোশাক কারখানার সামনে থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিল্পাঞ্চল আশুলিয়ায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এসময় দুই পোশাক শ্রমিককে আটক করে পুলিশ।

শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, তিন দফা দাবিতে শিল্পাঞ্চল সাভারে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় ২৬৪টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।