![]()
কক্সবাজারের রামুতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে বাঁকখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মো. শাহীন (১৫) নামের এক স্কুলশিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদী থেকে তার লাশ উদ্ধার করে।
নিহত শাহীন রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদার পাড়া এলাকার প্রবাসী নুরুল আমিনের ছেলে। সে স্থানীয় মনসুর আলী সিকদার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সিকদার পাড়া নদীপাড়ের বাদামতলী মাঠে বন্ধুদের সঙ্গে খেলাধুলা শেষে শাহীনসহ তিন বন্ধু বাঁকখালী নদীতে গোসল করতে নামে। কলাগাছের ভেলা বানিয়ে সাঁতার কাটার একপর্যায়ে নদীর স্রোতে শাহীন তলিয়ে যায়। সঙ্গীরা তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসেন।
খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি দল ও প্রয়োজনীয় ডুবুরি সরঞ্জাম না থাকায় পানির গভীরে অনুসন্ধান চালোনো সম্ভব হয়নি। পরবর্তীতে চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল ডেকে পাঠানো হয়।
রামু ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা আবদুল কাদের চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি চালায় এবং অল্প সময়ের মধ্যেই শাহীনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
এদিকে খবর পেয়ে নিহতের স্বজনদের কান্নায় নদীর তীরে মাতম শুরু হয়। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
